Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুর সীমান্তে মানব পাচারচক্রের এক সদস্য আটক

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় মানব পাচারবিরোধী অভিযান চালিয়ে সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই ঘটনায় মানব পাচারচক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে মানব পাচারের অভিযোগে সেলিম মিয়াকে আটক করে বিজিবি। তিনি শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ার সঙ্গে মানব পাচারচক্রের সম্পৃক্ততার অভিযোগে মো. স্বপন ও মো. সুমন নামে আরও দুজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে স্বপনের বাড়ি উপজেলার ঝুলগাঁও গ্রামে এবং সুমনের বাড়ি বৈষ্ঠমপাড়া গ্রামে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।

মানব পাচারচক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

প্রতিনিধি/এসএস