Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় ৫ কেজি হরিণের মাংসসহ নারী আটক

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

বরগুনা পৌরসভার ক্রোক এলাকায় হরিণের মাংসসহ রাবেয়া (৩০) নামে এক নারীকে আটক করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে পাঁচ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বন বিভাগের অভিযোগপত্র সূত্রে জানা যায়, বন্য প্রাণী হরিণ শিকার করে মাংস পাচারের উদ্দেশে ওই এলাকার একটি বাড়িতে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালান। পরে বাড়ি থেকে মো. বশিরের স্ত্রী রাবেয়াকে পাঁচ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে আড়াই বছর বয়সী শিশুসন্তানও ছিল।

horin

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, উদ্ধার করা মাংস বন প্রহরী আশিকুর রহমান আকাশের হেফাজতে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আটক নারী ও তার শিশুসন্তানকে বরগুনা সদর থানায় নেওয়া হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাইন পারভেজ বলেন, বন বিভাগের সদস্যরা আটক নারীকে থানায় হেফাজতে রাখার জন্য নিয়ে এসেছেন। বন্য প্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলা বা পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস