Dhaka Mail Logo

সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

ঝালকাঠি জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার বলেন, কয়েকজন নেতাকর্মী তাকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রতিনিধি/এসআই