জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি নেতা মো. রবিউল ইসলাম পলাশের (৪৭) ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপাশা মারকাজুল মসজিদের দিকে যাচ্ছিলেন পলাশ। পথে লক্ষ্মীপাশা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বিএনপি নেতার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস