Dhaka Mail Logo

সারাদেশ

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। ব্যাংক সংশ্লিষ্টদের দাবি, তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ‘ভোররাতে শাখা কার্যালয়ের দোতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখে ফেললে তিনি জোরে ডাক-চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এলে তাদের সহযোগিতায় কিশোর আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুন দিয়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়।’

আরও পড়ুন

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

তিনি জানান, এ ঘটনায় তিনি ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ভীতির মধ্যে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান বলেন, ‘ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসি। ব্যাংকে গিয়ে দেখি, আগুন প্রায় নেভানো হয়েছে। আগুন ভেতরে ছড়িয়ে পড়তে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।’

মঙ্গলবার সকালে ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এ সময় সেখানে পুলিশের একটি টহল দল উপস্থিত ছিল। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।’

প্রতিনিধি/এসএস