Dhaka Mail Logo

সারাদেশ

জলাবদ্ধ জমিতে পানিফল চাষে লাভবান দেবহাটার কৃষকেরা

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

যে জমি একসময় জলাবদ্ধতার কারণে অনাবাদি পড়ে থাকত, সেই জমিতেই এখন ফলছে পানিফল। ধান চাষের অনুপযোগী জমিতে পানিফলের আবাদ করে বাড়তি আয়ের মুখ দেখছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কৃষকেরা। এতে একদিকে পতিত জমি উৎপাদনের আওতায় আসছে, অন্যদিকে তৈরি হচ্ছে স্থানীয় মানুষের কর্মসংস্থান। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫৭ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

স্থানীয়ভাবে পানিসিংড়া নামেও পরিচিত পানিফল মূলত পানিতে জন্মানো একধরনের ফল। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে অনেক কৃষিজমি তলিয়ে যায়। এসব জমিতে ধানসহ প্রচলিত ফসলের আবাদ কঠিন হয়ে পড়ে। ফলে বছরের একটি নির্দিষ্ট সময় জমিগুলো অনাবাদি থাকে। তবে দেবহাটার কিছু কৃষক বিকল্প ফসল হিসেবে বেছে নিয়েছেন পানিফল চাষ। তাদের অভিজ্ঞতা বলছে, জলাবদ্ধ জমিতেও পরিকল্পিতভাবে এ ফলের আবাদ করে আয় করা সম্ভব।

pani

উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ছে পানিফলের আবাদ। জমিতে চারা রোপণের পর পানির মধ্যেই বেড়ে ওঠে গাছ। পরে গাছে ফল আসে। কৃষকদের দাবি, জমিতে পানি বেশি থাকলেও পানিফলগাছ সহজে নষ্ট হয় না। বরং উপযুক্ত পরিবেশে ভালো ফলন পাওয়া যায়। এ কারণে ধান চাষের অনুপযোগী জমিও পানিফল চাষের মাধ্যমে কাজে লাগাতে পারছেন তারা।

দেবহাটার কৃষক কওসার আলী প্রায় ২৫ বছর ধরে পানিফল চাষ করছেন। বর্তমানে তার প্রায় ১৫ বিঘা জমিতে এ ফলের আবাদ রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, জলাবদ্ধ জমির জন্য পানিফল লাভজনক একটি ফসল।

কওসার আলী বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ধরে পানিফলের চাষ করি। প্রায় ১৫ বিঘা জমিতে চাষ হচ্ছে। এই জমিতে পানি বেশি থাকায় ধান চাষ করা যায় না। পানিফল চাষে ভালো আয় হয়। পানি বাড়লেও গাছ সহজে নষ্ট হয় না, বরং ফলন বাড়ে।’

a93b7b0f-48ec-4109-809f-e656dfbde8df

পানিফল চাষের প্রভাব পড়েছে স্থানীয় শ্রমবাজারেও। জমির মালিক ও চাষিদের পাশাপাশি পরিচর্যা এবং ফল সংগ্রহের কাজে যুক্ত হয়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে স্থানীয় অনেক নারী দৈনিক মজুরিতে এসব জমিতে কাজ করছেন। তাদের কাছে পানিফলের খেত শুধু কৃষি উদ্যোগ নয়, সংসার চালানোরও একটি অবলম্বন।

এমনই একজন শ্রমজীবী নারী সুফিয়া। স্বামী না থাকায় নিজের উপার্জনেই তাকে সংসার চালাতে হয়। পানিফলের জমিতে কাজ করে প্রতিদিন যে মজুরি পান, তা দিয়েই চলে তার সংসার।

সুফিয়া বলেন, ‘আমি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করি। দৈনিক ২০০ টাকা মজুরি পাই। আমার স্বামী নেই। এই টাকা দিয়েই সংসার চালাই।’

আরও পড়ুন

জিআই স্বীকৃতি পেলে বিশ্ববাজারে যাবে নলছিটির শীতলপাটি

কৃষকদের মতে, পানিফল চাষে একই সঙ্গে দুই ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। একদিকে ধান চাষ করা সম্ভব নয়, এমন জমি কাজে লাগছে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। উৎপাদিত পানিফল স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বিক্রি হচ্ছে বলে জানান তারা। বাজারে চাহিদা থাকায় এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘যে জমি পড়ে থাকত, সেখানে এখন পানিফল চাষ হচ্ছে। এতে কৃষক লাভবান হচ্ছেন, আবার অনেক মানুষের কাজের সুযোগ হচ্ছে। কৃষক ও শ্রমিক, দুই পক্ষই উপকৃত হচ্ছেন।’

একই অভিজ্ঞতার কথা জানান কৃষক কবির হোসেন। তার ভাষ্য, এলাকায় বৃষ্টিপাত বেশি হওয়ায় অনেক জমি দীর্ঘ সময় পানিতে ডুবে থাকে। ফলে এসব জমিতে ধান চাষ করা যায় না। এ কারণে তারা পানিফল চাষের দিকে ঝুঁকেছেন।

98661a01-1163-459e-a2e1-0b4b50a19902

কবির হোসেন বলেন, ‘আমাদের এলাকায় বৃষ্টিপাত বেশি হওয়ায় অনেক জমি পানিতে ডুবে থাকে। এসব জমিতে ধান চাষ সম্ভব হয় না। তাই পানিফল চাষ করছি। ধানের চেয়ে এতে বেশি লাভ পাওয়া যায়।’

দেবহাটা উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫৭ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। এর মধ্যে সখীপুর ইউনিয়নে আবাদ বেশি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতার কারণে সাধারণত যেসব জমি পতিত থাকে, সেসব জমিতে পানিফল চাষ করে কৃষকেরা বাড়তি মুনাফা পাচ্ছেন। বাজারে চাহিদা থাকায় এ চাষ কৃষক ও ক্রেতা—উভয়ের জন্যই লাভজনক হচ্ছে।

দেবহাটা উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘এ বছর দেবহাটা উপজেলায় প্রায় ৫৭ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। যে জমিগুলো সাধারণত পতিত থাকে, সেসব জমিতে চাষ করে কৃষক বাড়তি মুনাফা পাচ্ছেন। বাজারে চাহিদা থাকায় কৃষক ও ক্রেতা উভয়ই উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ চাষ আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশা করছি।’

প্রতিনিধি/এসএস