Dhaka Mail Logo

সারাদেশ

জিআই স্বীকৃতি পেলে বিশ্ববাজারে যাবে নলছিটির শীতলপাটি

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা, বাজার সম্প্রসারণ ও শিল্পটির বিকাশে করণীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু।

66584784-26a8-4074-9897-0c7a78cf06df

কর্মশালায় বক্তব্য দেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল এবং ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুমসহ অন্যরা। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

fdaeb4dd-0e78-4fcb-a3a7-196b01745995

বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি শুধু একটি ব্যবহার্য পণ্য নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে স্থানীয় কারিগরেরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতায় এ শিল্পকে টিকিয়ে রেখেছেন। তবে যথাযথ পৃষ্ঠপোষকতা, আধুনিক প্রশিক্ষণ ও উন্নত বাজারব্যবস্থার অভাবে শিল্পটি প্রত্যাশিতভাবে এগোতে পারছে না।

e56b44cc-62a6-458d-b0d5-ce62b3b30338

তারা আরও বলেন, শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব হলে এর স্বতন্ত্র পরিচিতি তৈরি হবে। এতে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্যটির চাহিদা ও বিপণনের সুযোগ বাড়তে পারে। এ জন্য কারিগরদের যথাযথ মূল্যায়ন, উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

211cddd1-bc07-42ee-b718-1b7d75ec36c7

কর্মশালার একটি পর্বে শীতলপাটি তৈরির সঙ্গে যুক্ত কারিগরেরা পাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। এতে অংশগ্রহণকারীরা কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য তৈরির বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা পান।

আয়োজকেরা জানান, নলছিটির শীতলপাটির ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরা, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ চিহ্নিত করা এবং উৎপাদন ও বিপণন সম্প্রসারণের পথ বের করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

প্রতিনিধি/এসএস