জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
নড়াইলের কালিয়া উপজেলার ২ নম্বর পুরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুণ সমাজসেবক আবিদ হাসান সবুজকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ইংরেজি বিষয়ে এমএ সম্পন্ন করা সবুজ চাঁচুড়ি-পুরুলিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক।
স্থানীয়দের মতে, প্রার্থীদের মধ্যে তিনি বেশ এগিয়ে রয়েছেন। শিক্ষিত ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত আবিদ হাসান সবুজ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও মাদক নির্মূলে তার ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। এছাড়া ক্রীড়াঙ্গনের প্রতি তার আগ্রহ ও পৃষ্ঠপোষকতার কারণে তরুণ সমাজের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, একজন শিক্ষিত ও সৎ তরুণ হিসেবে তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। তাদের মতে, ইউনিয়নের উন্নয়নে নতুন ও আধুনিক চিন্তার নেতৃত্ব প্রয়োজন, আর সেই জায়গায় আবিদ হাসান সবুজ একটি আস্থার নাম। শুধু এলাকায় নয়, প্রবাসীদের মধ্যেও তার জনপ্রিয়তা রয়েছে।
কাতার প্রবাসী শেখ আয়াতুল্লাহ বলেন, প্রবাসে থেকেও আমরা প্রতিনিয়ত এলাকার খোঁজখবর রাখি। আবিদ হাসান সবুজ একজন শিক্ষিত, সৎ ও মাদকবিরোধী তরুণ। মাদকের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা এবং খেলাধুলার প্রতি তার পৃষ্ঠপোষকতা আমাদের মুগ্ধ করেছে। দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এলাকার উন্নয়নে সঠিক নেতৃত্ব বাছাইয়েও প্রবাসীদের মতামত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা প্রবাসীরা চাই, পুরুলিয়া ইউনিয়নে এমন একজন যোগ্য নেতৃত্ব আসুক, যিনি তরুণদের কর্মসংস্থান ও এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। প্রবাসীদের দোয়া ও সমর্থন সবসময় তাঁর পাশে থাকবে।
তার সমর্থকদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের কর্মসংস্থান ও ক্রীড়া উন্নয়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন জানিয়ে আবিদ হাসান সবুজ বলেন, জনগনের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। সুযোগ পেলে একটি মাদকমুক্ত, শিক্ষিত ও উন্নত পুরুলিয়া ইউনিয়ন গড়তে আমি আন্তরিকভাবে কাজ করব।
প্রতিনিধি/টিবি