Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, গতরাতে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার সময় ব্যাংকের স্টাফরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে এসে আগুন নেভান। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের প্রধান ফটকে এ ধরনের ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলি কাঁচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি