জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
ঝিনাইদহের শৈলকুপার হাটবাজারগুলোতে নতুন আমন ধান উঠতে শুরু করেছে। তবে বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের মুখে হাসি নেই। উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
শৈলকুপার রয়ড়া, ভাটই, গাড়াগঞ্জ, খুলুমবাড়িয়া, কাতলাগাড়ি, শিতালি, ধাওড়া, হাট ফাজিলপুর ও লাঙ্গলবাঁধসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।
হাট ফাজিলপুরের কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হচ্ছে। অথচ জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকারও বেশি। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে তেমন লাভ থাকছে না।
লাঙ্গলবাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ বলেন, “সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হলে তারা লাভবান হবেন। আমি প্রতি মণ ধান ১ হাজার ১৩০ টাকা দরে বিক্রি করেছি।”

কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ধানের দাম কম থাকায় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়লেও সেই তুলনায় ধানের দাম বাড়ছে না। এ অবস্থায় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
কৃষকদের দাবি, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে তারা কিছুটা হলেও লোকসানের ঝুঁকি থেকে রক্ষা পাবেন।
লাঙ্গলবাঁধ বাজারের ধান ব্যবসায়ী রিপন হোসেন জানান, তিনি প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকা দরে কিনছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, এবার শৈলকুপায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে ধান চাষ করেছেন কৃষকরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে।
প্রতিনিধি/এসএস