জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় মেসার্স খান ফুডস প্রোডাক্টস নামের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, রায়পুর এলাকার মেসার্স খান ফুডস প্রোডাক্টসের কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকর রঙের ব্যবহার পাওয়া যায়নি। তবে চিপসের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিএসটিআইয়ের মোড়কজাতকরণ লাইসেন্সের তথ্য উল্লেখ ছিল না। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. ইমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানায় স্বাস্থ্যবিধি মেনে আধুনিক ড্রায়ার মেশিনে চিপস শুকানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস