Dhaka Mail Logo

সারাদেশ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ গেল সোহেলের

উপজেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে ভারগাঁও নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা ‘চোর চোর’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা তাকে কয়েক দফায় মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাঁচপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস