জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
বাগেরহাটের মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন ফখরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। পরে তাকে জাল টাকাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মোংলা পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ফখরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম প্রথমে বাজারের হাবিবুর রহমানের পানদোকানে গিয়ে এক হাজার টাকার একটি জাল নোট ভাঙানোর চেষ্টা করেন। নোটটি জাল বুঝতে পেরে দোকানি তা গ্রহণ না করে তাকে ফেরত দেন। পরে তিনি একই বাজারের ভিক্ষুক আবদুস সাত্তারকে প্রথমে ২০ টাকা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার একটি জাল নোট ভাঙিয়ে নেন।

এ সময় আগের পানদোকানি দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে বাজারের লোকজনকে ডেকে আনেন। পরে স্থানীয় লোকজন ফখরুলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মোংলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে ফখরুল জানান, তার কাছে থাকা ৯ হাজার টাকার জাল নোট বিভিন্ন স্থানে ভাঙানোর চেষ্টা করছিলেন তিনি। এসব জাল নোট তাকে ভোলার মোহাম্মদ আলাউদ্দিন নামের এক ব্যক্তি সরবরাহ করেছেন বলে জানান তিনি। গত কয়েক মাস ধরে নিজ এলাকার বাইরে বিভিন্ন স্থানে এভাবে জাল টাকা ছড়িয়ে দেওয়ার কাজ করে আসছিলেন বলেও ফখরুল স্বীকার করেছেন।
ওসি আরও জানান, আটক ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। বাকি ৫০০ টাকা তিনি খরচ করে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকা-সংক্রান্ত প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
প্রতিনিধি/এসএস