জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তাকর্মীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। একই রাতে সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে রেললাইন বা ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের রৌহা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা শাখার বারান্দায় গ্রিলের পাশে পাটের বস্তায় পেট্রোল ও মবিল মিশিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় শব্দ পেয়ে নিরাপত্তাকর্মী ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে তার উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে বারান্দায় পেট্রোলের দুটি বোতল, মবিল মেশানো ছেঁড়া বস্তা ও মবিলের একটি কৌটা পাওয়া যায়। নিরাপত্তাকর্মীর চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। দুর্বৃত্তরা আগুন ধরাতে না পারায় শাখাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
গ্রামীণ ব্যাংকের নেত্রকোনার জোনাল ম্যানেজার নারায়ণ দত্ত মণ্ডল জানান, ব্যাংকের সব শাখায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে সব শাখায় ক্যামেরা লাগানো হবে। এ ধরনের ঘটনায় একটি মামলা হয়েছে। অন্য ঘটনাগুলো পুলিশকে জানানো হলেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। রৌহা শাখার ঘটনার বিষয়ে থানার সঙ্গে কথা বলে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি আবুল খায়ের বলেন, রৌহা শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় পেট্রোলের দুটি বোতল, মবিল মেশানো ছেঁড়া বস্তা ও মবিলের একটি কৌটা ফেলে যায় তারা। তবে আগুন ধরাতে পারেনি।
ওসি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো, গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ পুলিশকে লিখিতভাবে কিছু জানাচ্ছে না।
অন্যদিকে, চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠে আগুন দেওয়ার খবর পেয়েছে পুলিশ। ওসি আবুল খায়ের জানান, দুর্বৃত্তরা রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নেত্রকোনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পর্কে তারা সরাসরি কিছু জানেন না। তবে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাধ্যমে রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন। এ বিষয়ে এনএসআই সদস্যরা রেল কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চেয়েছিলেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস