জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ দেখতে চায় তিস্তাপারের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ প্রকল্প বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুরের ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী লিখিত বক্তব্যে এসব দাবি জানান। সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে যে অভূতপূর্ব গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ছিল নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটি বাস্তবায়নের পরিবর্তে অনিশ্চয়তায় পড়ে থাকে। তখনই সংগঠনটি বলেছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা ও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার এমন ঘোষণা তিস্তাপারের মানুষের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে। এখন সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চায় উত্তরাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রীর ১৯ নভেম্বরের লালমনিরহাট সফরকে ঘিরে তিস্তা অববাহিকার কোটি মানুষের প্রত্যাশা, তিনি যেন মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
সংগঠনের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. চূড়ান্ত অনুমোদন ও রোডম্যাপ: তিস্তা মহাপরিকল্পনা দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন এবং প্রকল্পের ব্যয়, পর্যায়ভিত্তিক কর্মপরিকল্পনা ও ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা।
২. অর্থায়ন নিশ্চিতকরণ: জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পৃথক বরাদ্দসহ নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ।
৩. তিস্তা কর্তৃপক্ষ গঠন ও দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ: নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও আন্দোলনরত সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে দক্ষ, কার্যকর ও জবাবদিহিতামূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন এবং যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ।
৪. নদী ও পরিবেশের সুরক্ষা: বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে বালু-পাথর ব্যবস্থাপনা, নদী খনন, ভাঙন প্রতিরোধ এবং বিচ্ছিন্ন শাখা নদী ও উপনদীগুলোর পুনর্জীবন নিশ্চিত করা।
৫. তিস্তা বন্ড চালু: সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশীয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘তিস্তা বন্ড’ চালু করে প্রকল্পের অর্থায়নে বিকল্প উৎস সৃষ্টি করা।
৬. কৃষক ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার: প্রকল্পের মাধ্যমে উদ্ধারকৃত জমিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা এবং কৃষক সমবায়ের মাধ্যমে আধুনিক কৃষি, সংরক্ষণ ও বাজারব্যবস্থা গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
প্রতিনিধি/এফএ