Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ আটক আলামিন সর্দার (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৮০০ টাকা জরিমানাও করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটক আলামিন সর্দার লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের সর্দার মনিরুজ্জামানের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি নড়াইলের উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দীন আহমেদ। এ সময় আলামিন সর্দারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পরে উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দীন বাদী হয়ে মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়। আদালত আসামির দোষ স্বীকারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ শটাকা জরিমানা করেন। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেল-জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ