Dhaka Mail Logo

সারাদেশ

‘পার্বত্য অঞ্চল থেকে আগামীতে আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু উঠে আসবে’

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই এ দেশের মানুষের জীবনে সাঁতার অত্যন্ত গুরত্বপূর্ণ ও অপরিহার্য। সাঁতারের প্রসার এবং নতুন প্রতিভাবান সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনে রাঙামাটি তথা পার্বত্য অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান সাঁতারু উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুর স্টেডিয়ামে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় নৌবাহিনী প্রধান বলেন, ‘দীর্ঘ বিরতির পর দেশের সাঁতারের উন্নয়নে নতুন করে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নতুন প্রতিভা অন্বেষণে ‘সুইমার ট্যালেন্ট হান্ট’ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি জাতীয় ও বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন এবং দেশী সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’ 

kaptai2

তিনি আরও বলেন, এবারের প্রতিযোগিতায় ভিন্নতা আনতে প্রথমবারের মতো রাঙামাটিতে আয়োজন করা হয়েছে। আশা করি রাঙামাটি তথা পার্বত্য অঞ্চল থেকেও আগামী দিনে অনেক প্রতিভাবান সাঁতারু উঠে আসবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে। এসময় তিনি দেশের সাঁতারের উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতার জন্য প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, রাঙামাটিসহ তিন পার্বত্য অঞ্চলে বিশ্বমানের ক্রীড়া প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম। তবে যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব। ফুটবলে ঋতুপর্ণা চাকমা এবং বক্সিং এ সুরকৃষ্ণ চাকমা- এর উজ্জ্বল উদাহরণ। তারা আমাদের সম্পদ। এ অঞ্চলের খেলোয়াড়দের যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনবেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী। এতে আরও বক্তব্য দেন- বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

kaptai

এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই হ্রদের মগবান টিলা থেকে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। পরে দুপুরে রাঙামাটি জেলা শহরের উন্নয়ন বোর্ড পর্যটকঘাটে (শহিদ মিনার সংলগ্ন) এসে সাতার প্রতিযোগিতার সমাপ্ত হয়। প্রতিযোগিতায় ১০ জন পুরুষ ও ১০ জন নারী সাঁতারু অংশ নেন। পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার দূরত্বের সাঁতার অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ফয়সাল আহমেদ, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জুয়েল আহমেদ। এ ছাড়া মহিলা বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মুক্তি খাতুন, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সোনিয়া আক্তার এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পলি খাতুন। পরে প্রতিযোগিতায় বিজয়ী সাঁতারুদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার বিতরণ তুলে দেন অতিথিরা। এছাড়াও, সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।