জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
‘কেউ যদি এই দেশকে অশান্ত করার চেষ্টা করেন, তাহলে তারেক রহমানের প্রতিটি সৈনিক ঐক্যবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে। কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। আমরা শান্তি রক্ষায় মাঠে আছি।’—এমন হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাঈদ আহমেদ আসলাম বলেন, গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা অতীতেও লড়াই করেছেন। ভবিষ্যতেও এ লড়াই অব্যাহত থাকবে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের কথা বলার অধিকার রয়েছে। একইভাবে রাজনৈতিক দলগুলোরও সংগঠন করার অধিকার রয়েছে। তবে কোনো সংগঠন আইনিভাবে নিষিদ্ধ হলে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। রাজনৈতিক কার্যক্রম চালাতে হলে আগে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনটির বৈধতা ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে আসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা গ্রাম-গঞ্জ, চরাঞ্চল ও বিভিন্ন বাজারে অবস্থান করে নেতৃত্ব দিচ্ছেন। তাদের কর্মকাণ্ডে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এমনকি শান্তিপ্রিয় মানুষ ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি এবং মামলা-মোকদ্দমায় জড়ানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, কেউ শরীয়তপুরের পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাদের সেই চেষ্টা সফল হবে না। তারা ইতোমধ্যে মাঠে রয়েছেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও সক্রিয় থাকবেন।

একই কর্মসূচিতে বক্তব্য দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন। তিনি বলেন, তারা আদর্শিক রাজনীতি করতে চান, সন্ত্রাসের রাজনীতি নয়। মানুষের কল্যাণ ও দেশের মঙ্গলের জন্যই তাদের রাজনীতি। তাদের ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করলে হুঙ্কার দেখতে পাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালু সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এসএস