জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় নূরুল আমিন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে তাদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ওসি হাফিজুর ইসলাম হারুন বলেন, সম্প্রতি দায়ের করা একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি নূরুল আমিন। সোমবার দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস