Dhaka Mail Logo

সারাদেশ

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, আটক আওয়ামী লীগ সমর্থক

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

ফরিদপুরের সদরপুরে যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর বাজারের মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফ সদরপুর সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ আওয়ামী লীগের সমর্থক এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

মিছিলটির নেতৃত্ব দেওয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইসারত জানান, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে তারা উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ বারবার ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।

তিনি আরও জানান, পরে তারা ইউসুফকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামে এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস