জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
মামার মৃত্যুর শোকাবহ দিনেই বিএনপিসহ দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. রবিউল ইসলাম রোমান।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে স্বেচ্ছায় দলীয় রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
রোমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত সিদ্ধান্তের অংশ হিসেবে এখন থেকে দলীয় রাজনীতির সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না বলে জানিয়েছেন তিনি।
নিজের বিবৃতিতে রবিউল ইসলাম রোমান উল্লেখ করেন, পারিবারিক রাজনৈতিক আবহের কারণে শৈশব থেকেই বিএনপির রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় দলের বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল ও সাংগঠনিক কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন তিনি। তবে সময়ের সঙ্গে স্থানীয় রাজনৈতিক বাস্তবতা, মাদকের বিস্তার, পাহাড় কাটা ও ধ্বংসসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়েন বলে দাবি করেন তিনি।
রোমানের অভিযোগ, এলাকায় মাদক ও পাহাড় ধ্বংসের প্রতিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জেরে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইন্ধন ও সহযোগিতায় তার ওপর হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণে রক্ষা পেলেও তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আইনি প্রতিকার পেতে থানায় মামলা করার চেষ্টা করেও রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ গ্রহণ করা হয়নি বলে তার বক্তব্যে উল্লেখ রয়েছে। একই সঙ্গে তাকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন রোমান।
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পেছনে মামা মরহুম আনিসুর রহমান কালুর মৃত্যুও অন্যতম আবেগঘন কারণ বলে উল্লেখ করেছেন তিনি। রোমানের ভাষ্য অনুযায়ী, মামার মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং দলীয় রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
মরহুম আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। রোমান জানান, বিএনপির দুঃসময়ে নিজের পরিবারের ব্যয় নির্বাহের জন্য রাখা অর্থ থেকেও তার মামা দলীয় কার্যক্রমে আর্থিক সহায়তা করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে কারাবরণও করতে হয়েছে। তবে জীবনের শেষ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় খোঁজখবর ও সহযোগিতা না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন বলে জানান রোমান।
মামার রাজনৈতিক অবদান এবং জীবনের শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের অনুপস্থিতির প্রসঙ্গ তুলে রোমান আক্ষেপ করে বলেন, দলের জন্য দীর্ঘদিন নিবেদিতভাবে কাজ করা একজন মানুষ শেষ জীবনে সামান্য খোঁজখবর ও সহযোগিতা থেকেও বঞ্চিত হলে তা সত্যিই দুঃখজনক।
তিনি স্পষ্ট করেন, কারও প্রতি ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ কিংবা কাউকে হেয় করার উদ্দেশে তিনি এ সিদ্ধান্ত নেননি। বরং নিজের বিবেকের তাড়না, আত্মমর্যাদা এবং ন্যায় ও সত্যের পক্ষে অবিচল থাকার প্রত্যয় থেকেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতির শেষদিকে রোমান মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে মানুষের মর্যাদা, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় আনুগত্যের চেয়ে ন্যায় ও সত্যকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি এমন একটি ঝিনাইগাতীর স্বপ্ন দেখেন, যেখানে মাদকের বিস্তার থাকবে না, পাহাড় ও প্রকৃতি সুরক্ষিত থাকবে, অন্যায়-দুর্নীতির অবসান ঘটবে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।
এদিকে মামা আনিসুর রহমান কালুর মৃত্যুর দিনেই রোমানের বিএনপি ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।
প্রতিনিধি/এসএস