জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাটসংলগ্ন মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙর করা নৌযানে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ৩৩ কিশোরের জামিন আবেদন করা হয় মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। অপর চারজনের জামিন আবেদন করা হয় মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে।
শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস এবং সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম। তিনি জানান, পৃথক দুটি আদালতে শুনানি শেষে ৩৭ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ জনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং অপর চারজনকে সদর আমলি আদালত থেকে জামিন দেওয়া হয়। চারজনের বয়স ১৮ বছরের বেশি হওয়ায় তাদের জামিন শুনানি পৃথক আদালতে অনুষ্ঠিত হয়।

এর আগে গত শুক্রবার বিকেলে শহরের মোল্লারচর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে ৩৭ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ৩৩ জন কিশোর। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দুই দিনের ব্যবধানে তাঁদের সবার জামিন মঞ্জুর করলেন আদালত।
প্রতিনিধি/এসএস