জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধ, নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগে সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি বন্ধসহ আট দফা দাবি জানিয়েছেন গাইবান্ধার মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।
এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত সমস্যা ও বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা আট দফা দাবির মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত এলাকা বা অধিক্ষেত্র অক্ষুণ্ন রাখা, অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতার ব্যবস্থা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে সরাসরি নিয়োগ দেওয়া।
এ ছাড়া বর্তমান বাস্তবতা বিবেচনায় ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।
সংগঠনের নেতারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন পেশাগত সমস্যা ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হলে পেশাগত সমস্যার সমাধান হবে এবং নিকাহ নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল হবে। তারা সরকারের কাছে আট দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রতিনিধি/এসএস