Dhaka Mail Logo

সারাদেশ

নামজারির ফাইল আটকে ১০ হাজার টাকা ঘুষ দাবি, দুদকের অভিযান

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

নামজারির ফাইল আটকে রেখে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছিল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার ওই ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন। এ সময় দুদকের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ‘নামজারিতে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দিলেন তহসিলদার’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ উঠে আসে। বিষয়টি দুদকের নজরে এলে অভিযোগ অনুসন্ধানে সোমবার অভিযান পরিচালনা করা হয়।

c2423a84-9f02-4bb7-aa00-a4f6ff5e49c1

অভিযানকালে দুদকের কর্মকর্তারা অভিযোগকারী ভুক্তভোগী ও অভিযুক্ত ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান তারা। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, ‘নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করেছি। ভুক্তভোগী ও অভিযুক্তের সঙ্গে কথা বলেছি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহ। তার দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি।

প্রতিনিধি/এসএস