তাহজীবুল আনাম
১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
পর্যটকদের বিনোদন ও আকৃষ্ট করতে কক্সবাজারে আয়োজন করা হয়েছে ৯০ দিনব্যাপী ‘কক্স কার্নিভ্যাল’। তবে এই উৎসবের আয়োজন সাজাতে গিয়ে কেটে ফেলা হয়েছে সমুদ্রসৈকত সংলগ্ন উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত বহু বছরের পুরোনো শত শত ঝাউগাছ। কোথাও পড়ে আছে কাটা গাছের মোটা মোটা গুঁড়ি, কোথাও চলছে উৎসবের অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ।
পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এ আয়োজন করা হলেও কার্নিভালের অবকাঠামো নির্মাণে সৈকতসংলগ্ন ঝাউবাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মী, সংবাদকর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রতিবাদ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগান শুধু সৌন্দর্যবর্ধনের উপাদান নয়, উপকূলীয় পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। ঝাউগাছের শিকড় বালু ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কমানো এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিশেষ করে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে বিদ্যমান সবুজ আচ্ছাদন সংরক্ষণ অত্যন্ত জরুরি। বহু বছর ধরে বেড়ে ওঠা এসব গাছ কেটে ফেলার ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও, দীর্ঘ মেয়াদে এর বিরূপ প্রভাব পড়তে পারে উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থায়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘পর্যটন খাতের বিকাশে উৎসব হতেই পারে। আমরা এর পরিপন্থি নই। কিন্তু বহু বছরের পুরোনো প্রাকৃতিক ঝাউবাগান কেটে সাফ করে কার্নিভালের আয়োজন কোনোভাবেই কাম্য নয়। ঝাউবাগান অক্ষত রেখে বর্তমানে বাণিজ্য মেলা আয়োজিত খোলা মাঠে কিংবা অন্য কোনো উপযুক্ত স্থানে তিন মাসব্যাপী এ কর্মসূচি পালন করা যেত। গাছ কেটে এমন আয়োজন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।’

তিনি আরও বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশের জন্য প্রকৃতিকে অক্ষত রাখা জরুরি। কারণ, কক্সবাজারের পর্যটনের প্রধান আকর্ষণ সমুদ্র, সৈকত ও এর প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশ ধ্বংস করে পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ দীর্ঘ মেয়াদে পর্যটনশিল্পের জন্যও ক্ষতিকর হয়ে উঠতে পারে।’
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বিষয়ে বন বিভাগের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

অন্যদিকে, এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের আশঙ্কা, পর্যটন অবকাঠামো নির্মাণের নামে নির্বিচারে গাছ কাটা হলে কক্সবাজারের উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। তাদের দাবি, কার্নিভালের জন্য ঠিক কতটি গাছ কাটা হয়েছে, কোন কর্তৃপক্ষের অনুমতিতে এসব গাছ কাটা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা দ্রুত তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বনায়নের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধি/এসএস