জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মো. কবীর আলীর ছেলে মো. সাকিব আলী এবং দুলালের ছেলে সাগর আলী।
জানা যায়, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাগর আলী (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
অন্যদিকে, এই মামলার প্রধান আসামি মো. সাকিব আলী (২২) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে এ মামলায় অভিযুক্ত দুই যুবকই এখন কারাগারে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গাড়ইপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি নির্মাণকাজের সুবাদে সাকিবের পরিবারকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ওই দম্পতি। একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকার সুযোগ নিয়ে আশ্রয়দাতা ওই স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন সাকিব। পরবর্তীতে সেই ভিডিও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রধান আসামি সাকিব ও তার সহযোগী সাগর। এ ঘটনায় অসহায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর মডেল থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ জানান, পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামিকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি