জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ৬০ বছর বয়সী আনোয়ার মাঝিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ নভেম্বর দুপুরে সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানায় আনোয়ার মাঝির ব্যক্তিগত অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মার অভিযোগ, কারখানায় কাজের সুবাদে মালিকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে মেয়েকে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য সেখানে রাখা হয়েছিল। ঘটনার দিন অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করেন মালিক। পরে তাকে ওই কক্ষেই তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ১৩ নভেম্বর সিরাজদিখান থানায় মামলা করেন কিশোরীর মা। এরপরই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি