জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনের সড়কে আসে। এ সময় তারা ভবনের বাইরের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বোমাটি সিঁড়ির ওপর পড়ে কিছুক্ষণ জ্বললেও আশপাশে কাঠ, কাগজ বা অন্য কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এ ঘটনায় নগর ভবনের সিঁড়িতে সামান্য দাগ পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। যে মোটরসাইকেল থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ এ বিষয়ে কাজ করছে।
প্রতিনিধি/টিবি