জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে কী পরিমাণ টাকা পুড়ে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় সন্ধ্যার পর রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় প্রবেশ করে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
/এএস