জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় নামফলক পরিবর্তনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ মিনিট অবস্থান করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই দলটির নেতাকর্মীদের প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠার পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় পুলিশের একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।
পরে লঞ্চঘাট এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় কয়েকজন বিক্ষোভকারী কলেজের মূল ফটকের সামনে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
এরপর মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছান নেতাকর্মীরা। সেখানে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। প্রায় ২০ মিনিট কার্যালয়ের ভেতরে অবস্থান করে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়টি খুলে দেওয়া হয়।
পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে চৌরঙ্গীসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একত্রিত হন নেতাকর্মীরা।
অন্যদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক টাঙানো হয়।
এদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ছয় প্লাটুন, প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও রোববার নতুন করে আরও তিন প্লাটুন সদস্য যুক্ত করা হয়।

রোববার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন সদস্য নিয়োজিত রয়েছেন।
বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় দিনভর গোপালগঞ্জ শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় শহরের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এলএ