জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
মানিকগঞ্জে নাশকতা ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হামজা খান ওই এলাকার মৃত মালেক খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়। ওই দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হামজা খানকেও ওই মামলাগুলোতে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হামজা খান। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয় দেখা যায়। রোববার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস