Dhaka Mail Logo

সারাদেশ

বগুড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট ৩১ ভরি স্বর্ণ

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন মন্ডল জানান, ৫ থেকে ৭ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বাড়ির দোতলা ও নিচতলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় আসবাবপত্র তছনছ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা।

তিনি জানান, বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি এবং ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায় ডাকাতেরা। এ ছাড়া তার নিজের ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস