Dhaka Mail Logo

সারাদেশ

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

ময়মনসিংহের ফুলপুরে এক সহকারী শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তার পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক আব্দুল লতিফ তরফদার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই শিক্ষকের ফেসবুক আইডি থেকে একটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর নজরে এলে রোববার সকালে তারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। এ সময় শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন তারা।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতারা সেখানে উপস্থিত হন। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এবারও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করে তারা শিক্ষকের পদত্যাগের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদার। তিনি বলেন, তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের ছবি প্রকাশ করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পরে তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ থেকে সরে আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, তিনি দিনভর জেলা পর্যায়ের সভায় ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/এসএস