Dhaka Mail Logo

সারাদেশ

রাসপূর্ণিমায় দুবলারচরে যেতে বন বিভাগের পাঁচ নৌপথ নির্ধারণ

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বন বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় দুবলারচরে যেতে পারবেন তীর্থযাত্রীরা। যাতায়াতের পথে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

নির্ধারিত নৌপথগুলো হলো—

১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।

২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা এবং শিবসা নদী-মরজাত দিয়ে দুবলারচর।

৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী দিয়ে দুবলারচর।

৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী দিয়ে দুবলারচর।

৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত প্রবেশপথে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ও অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী সরকারি বিধি মোতাবেক রাজস্ব আদায়ের পর পাস দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। অনুমতিপত্রে নির্ধারিত নৌপথ উল্লেখ করে সিল দেওয়া হবে। প্রত্যেক তীর্থযাত্রীকে পছন্দ অনুযায়ী একটি নৌপথ ব্যবহার করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌযানগুলো শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না। প্রতিটি নৌযানে প্রয়োজনীয়সংখ্যক লাইফ জ্যাকেট অথবা বয়া রাখতে হবে। নৌযানের গায়ে রং বা স্টিকার দিয়ে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং তীর্থযাত্রীর সংখ্যা উল্লেখ করতে হবে।

সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে একটি টিকিট বা টোকেন দেওয়া হবে। অবস্থানকালে সেটি সঙ্গে রাখতে হবে। এ ছাড়া প্রতিটি লঞ্চ, ট্রলার ও নৌকাকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে।

বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল ও করাতসহ অবৈধ সরঞ্জাম বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া যাবে না। নৌযান ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ থাকবে।

তীর্থযাত্রীদের প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাসপূর্ণিমা উপলক্ষে আগত তীর্থযাত্রীদের সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে অনুমোদিত নৌপথ ও বন বিভাগের সব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ।

প্রতিনিধি/এসএস