Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

ময়মনসিংহের নান্দাইলে একটি বিদ্যালয়ের ভেতর থেকে এক নারীসহ তিনজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক ব্যক্তিদের মধ্যে ওই বিদ্যালয়ের কর্মরত নৈশপ্রহরীও রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মুসুল্লি ইউনিয়নের চংভাদেরা গ্রামে অবস্থিত খুর্শেদ এলিনর বিদ্যা নিকেতনে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি এমপিওভুক্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন একই এলাকার ইব্রাহিম (৪০)। তার আশ্রয়ে ওই রাতে বিদ্যালয়ে অবস্থান নেন একই ইউনিয়নের মাইজহাটি গ্রামের সোহেল (৪৫) ও তার এক সহযোগী। তাদের সঙ্গে এক নারীও ছিলেন।

বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়টি ঘেরাও করেন। পরে কয়েকজন বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে নৈশপ্রহরীর জন্য বরাদ্দ কক্ষের খাটের নিচ থেকে ওই নারীকে বের করে আনেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৈশপ্রহরী ইব্রাহিমের বিরুদ্ধে এর আগেও এ ধরনের একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। গত এপ্রিলে অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তাকে লিখিত নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিল। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা তাকে দুই সহযোগী ও এক নারীসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রতিনিধি/এসএস