Dhaka Mail Logo

সারাদেশ

ধনু নদে নৌকায় মিলল ৩৫ লাখ টাকার ভারতীয় কফি, আটক ২

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে অভিযান চালিয়ে ৩৪ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় কফি পাউডার জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় ১৭০ বস্তা কফি পাউডারবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের লাখাই থানার লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল খায়ের (৩১) ও সুনামগঞ্জের তাহেরপুর থানার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের মো. সিদ্দিকুল ইসলাম (২২)।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধনু নদে এ অভিযান চালানো হয়। আজ রোববার বিকেলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা লেপসিয়া নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক জগৎ জ্যোতি চৌধুরী জানান, নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যের একটি চালান পরিবহনের খবর পান তারা। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন নৌকাটিতে তল্লাশি করা হয়। এ সময় ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডার পাওয়া যায়। পরে নৌকায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা কফি পাউডারের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা। এ ঘটনায় রোববার দুপুরে খালিয়াজুরী থানায় মামলা হয়েছে। আটক দুজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হচ্ছে।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মামলাটির তদন্ত করবে নৌ-পুলিশ।

প্রতিনিধি/এসএস