Dhaka Mail Logo

সারাদেশ

কুয়াকাটায় ৩ হাজার টাকা নিয়ে বিরোধ, হাতপাখার মেয়র প্রার্থীর ‘মারধর’

উপজেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

পাওনা মাত্র ৩ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর কুয়াকাটায় এক আবাসিক হোটেলের হিসাবরক্ষককে মারধর, মাথায় আঘাত ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে। 

শাহ আলম সংগঠনটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি। আগামী পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে তার। এ ঘটনায় ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মামুন গাজী কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। হোটেলের প্রয়োজনীয় মুদি মালামাল শাহ আলমের দোকান থেকে নগদ ও বাকিতে কেনা হতো। দোকানটিতে হোটেলের মোট ১৩ হাজার টাকা বকেয়া ছিল। ঘটনার তিন-চার দিন আগে ১০ হাজার টাকা পরিশোধ করায় বাকি থাকে মাত্র ৩ হাজার টাকা। ওই টাকা নিয়ে হিসাবের কাগজপত্র দেখতে চাওয়ায় তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

অভিযোগে মামুন উল্লেখ করেন, সকালে হোটেলের অতিথিদের জন্য খাবার সংগ্রহ করতে মেরিন ভিউ রেস্তোরাঁয় গেলে শাহ আলমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম তাকে গালমন্দ করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলমের নেতৃত্বে অপর তিনজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তার মাথা ও মুখে আঘাত করা হয়। এতে মাথার ডান পাশে কপালের ওপর ফোলা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন তৈরি হয়।

এ ছাড়া হোটেলের বাজার করার জন্য তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা শাহ আলম নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন মামুন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শাহ আলম হাওলাদার ছাড়াও ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদারকে অভিযুক্ত করে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, শাহ আলম হাওলাদার একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালে আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন তিনি। বর্তমানে দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। আসন্ন কুয়াকাটা পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি টাকা পাব, কিন্তু তারা টাকা দেয় না। আমি টাকা চেয়েছি। তখন আমাকে গালাগালি করেছে। তাই আমার পাশে থাকা ভাইদের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. হালিম বেপারি বলেন, ‘আমাদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশের একটি দল তদন্ত করছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/এলএ