Dhaka Mail Logo

সারাদেশ

‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন হলে পাহাড়ে শান্তি ফিরত’

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জাতির সাথে প্রতারণা করা হয়েছে’ মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে সরকার বাধ্য হতো। জনগণকে সাথে নিয়ে আন্দোলয়ের মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করতে হবে। 

রোববার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি শহরের সাবাই সড়কের মারমা কল্যাণ সংসদ কমিউনিটি সেন্টারে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এম.এন. লারমার খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা।

ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং সভাপতিত্বে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।

চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের যে আশা-সম্ভাবনা সেটা আমরা দেখি না। কিন্তু তরুণদের তা দেখতে হবে। নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাদের এগিয়ে আসতে হবে।

জুম্ম জাতির সাথে প্রতারণা আর নতুন করে চুক্তির স্বপ্ন দেখিয়ে দীর্ঘ সময় পাহাড়ের সংঘাতের আগুন জ্বালাচ্ছে প্রসীত খীসারা। তারা জাতির জন্য সবচেয়ে সুবিধাবাদী প্রতারক বলেও মন্তব্য করেন। 

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হলে জুম্ম জাতি শান্তিতে পাহাড়ে বসবাস করতে পারত। চুক্তি বাস্তবায়ন না হওয়ার ফলেই গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে এক হওয়ার তাগিদ দিয়ে জুম্ম জাতির কল্যাণে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান। 

সত্যের জয় অনিবার্য স্লোগানে পথচলা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী খাগড়াছড়িতে উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়। 

সকালে শহরের সূর্যশিখা ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শাপলা চত্বর ঘুরে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয়-দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন অতিথিরা। 

পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহতদের শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/এলএ