উপজেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মো. শিপন মোড়ল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার শিকারপুর বাজারের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আলা নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে থেকে শিপন মোড়লকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার শিপন মোড়ল শার্শা উপজেলার শিকারপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, শার্শা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারি, সরবরাহকারী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস