Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে যুবক নিহত

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রমজান আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে গতকাল শনিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন রমজান আলী।

রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালাপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে একই গ্রামের নূর মোহাম্মদ (২২) ও আশিকের (১৮) মধ্যে বিড়ি খওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নুর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে নুর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপরে হামলা করেন আশিক ও তার বাবা ছানোয়ার হোসেন (৪৮)। এসময় বাবা-ছেলে রমজান আলীকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করেন। এতে গুরুতর আহত হন রমজান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছে, আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

প্রতিনিধি/টিবি