জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
রংপুরে ভাড়া নিয়ে তর্কের জেরে ৩ যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে ওই বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে একজন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর জেলার তারাগাঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— নীলফামারী জেলার চড়াইখোলা বসুনীয়া পাড়ার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনীয়ার ছেলে শাকির বসুনীয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসে ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে হেলপার ও সুপারভাইজার মিলে ওই তিন যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাস থেকে রাস্তায় পরার সাথে সাথে পিছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর যাত্রীর পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। ঘটনার পরপরই বাস রেখে সুকৌশলে বাসের হেলপার, ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে। একইসাথে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি