জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
দীর্ঘদিনের অপেক্ষা আর ভোগান্তির অবসান ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর। অবশেষে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। ট্রেন দুটির যাত্রাবিরতির মধ্য দিয়ে সহজ হবে রাজধানীর সঙ্গে যোগাযোগ, কমবে যাতায়াতের দুর্ভোগ, গতি বাড়বে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই এ উপলক্ষে হিলি রেলস্টেশনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো হিলি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালক ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন যাত্রীরাও। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ায় স্টেশনজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। এটি এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে হয়। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন থেকে সেই দুর্ভোগ অনেকটাই কমবে। হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমরা আনন্দিত। এস্বপ্ন আমাদের পূরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, তাকে হিলিবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায়।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, আমাদের দিনাজপুর-৬ আসনের এমপি ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় ধরনের সুবিধা। আমরা চাই, ভবিষ্যতে হিলি রেলস্টেশন যাত্রীসেবার মান আরও উন্নত করা হোক।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবিতে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন তারা। এ দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কাজে যাতায়াত আরও সহজ হবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় হিলিবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে হিলির যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
প্রতিনিধি/টিবি