জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
পটুয়াখালীতে পিকআপ ও লরির মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে এক পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের (লরি) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
চান মিয়া (৪৫) পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। তিনি পিকআপের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে পটুয়াখালীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ‘বিসমিল্লাহির ফিলিং স্টেশন’-এর একটি তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হারুন মোল্লা ও মরিয়ম বেগমকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান ঢাকা মেইলকে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি