Dhaka Mail Logo

সারাদেশ

মির্জাপুরে আ.লীগ নেতা যুবরাজ গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা সদরের পোস্টকামুরী পূর্বপাড়া রেললাইন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গোলাম রাব্বানী যুবরাজ ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আব্দুস ছবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকার বাসিন্দা এবং মনিরুজ্জামান খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমন (১৮)। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় আদালতের বিচারক গোলাম রাব্বানী যুবরাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করে।

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে পোস্টকামুরী পূর্বপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি