জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ এএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন ও ভাঙচুর চালানো হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ও রাতে উপজেলার বর্ণি ও কুশলী ইউনিয়নের নিলফা বাজারে এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বর্ণি বাজার এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল চলাকালে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান।
তিনি বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাসা থেকে বের হলে তাঁর ওপর হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। তবে যারা হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে, তাঁদের ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তিনি জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে