Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জ সীমান্তে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ এএম

হবিগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক চারটি অভিযানে ১১টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ও ৪টার দিকে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডুলনা চা-বাগান এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুগুলো চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল।

অন্যদিকে, শুক্রবার (১৩ নভেম্বর) চুনারুঘাট উপজেলার চিমটিবিল ও বাল্লা বিওপির বিশেষ টহলদল পৃথক আরও দুটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।

বিজিবি জানায়, চারটি অভিযানে জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সীমান্তবর্তী জনগণের সার্বিক সহযোগিতাও কামনা করেছে বিজিবি।

প্রতিনিধি/এজে