জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
বরগুনার আমতলীতে নিজ বসতঘর থেকে মো. তুহিন মুন্সি (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন মুন্সি ওই গ্রামের অলিউল্লাহ মুন্সির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বসতঘরে একাই বসবাস করতেন তুহিন। বৃহস্পতিবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার দুপুরে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সেখানে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তুহিনের মরদেহ দেখতে পান। এ সময় ঘরটি ভেতর থেকে আটকানো ছিল। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তুহিনের বাবা অলিউল্লাহ মুন্সি অভিযোগ করে বলেন, তার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।
প্রতিনিধি/এলএ