জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে দাদির ওপর হামলার সময় তাকে বাঁচাতে এগিয়ে আসায় ওমর ফারুক নামে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এতে ওমর ফারুকের মাথায় ছয়টি সেলাই লেগেছে।
এ ঘটনায় ওমর ফারুকের দাদি কোকিলা খাতুন প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু ও তার ছেলে এমরানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে।
শনিবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার মানারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক উপজেলার মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের কেজি ওয়ানের শিক্ষার্থী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক স্কুলে যাতায়াতের পথে তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাদের ছোট শিশুরা প্রায়ই তাকে মারধর করত। বিষয়টি ওমর ফারুক তার দাদিকে জানালে তিনি অভিযুক্তদের কাছে এর প্রতিবাদ করেন। গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধর করা হয় ওমর ফারুককে। পরে কোকিলা খাতুন তার নাতি ওমর ফারুককে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বিচার চান।
অভিযোগে বলা হয়, বিচার শেষে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন ও তার ছেলে এমরানসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। এ সময় তারা কোকিলা খাতুনকে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়।
এ সময় দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে তার কপালের ডান পাশে গুরুতর জখম হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ওমর ফারুকের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত তাইজ উদ্দিন ও তার ছেলে এমরান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর ওই দিনই মামলা রেকর্ড করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।
প্রতিনিধি/এলএ