Dhaka Mail Logo

সারাদেশ

পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও তার আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে পাশাপাশি কবরে দাফন সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে একই এলাকায় মা-মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়।

মায়ের জানাজার সময় বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। চোখেমুখে আতঙ্ক আর ভয়ের ছাপ। যে দুর্ঘটনায় মাকে ও বোনকে হারিয়েছে, সেই ভয়াবহ স্মৃতি যেন এখনো তাড়া করে ফিরছে তাকে। মা-বোনকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার।

প্রথমে মাহমুদা আক্তারের (৩৫) জানাজায় ইমামতি করেন তার মামা সিদ্দীক। পরে মেয়ে সম্প্রীতির (৮) জানাজায় ইমামতি করেন বাবা সাংবাদিক আলী আজগর খোকন।

জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আলী আজগর খোকন। স্ত্রী ও মেয়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি। মহান আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন, সেই প্রার্থনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া কামনা করেন।

আলী আজগর খোকন বলেন, মেয়ে সম্প্রীতি তৃতীয় শ্রেণিতে পড়ত। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। ছেলে মাহমুদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাকে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনায় মুহূর্তেই সব স্বপ্ন শেষ হয়ে গেল।

নিহত মাহমুদা আক্তার পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক ছিলেন। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায়। তিনি ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী। তাদের মেয়ে সম্প্রীতি পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় যাত্রীবাহী একটি থ্রি-হুইলারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং আট যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

পরে শুক্রবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা আক্তার ও তার মেয়ে সম্প্রীতির মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদও চিকিৎসাধীন রয়েছে।

এদিকে একই দুর্ঘটনায় আহত প্রমিলা (৩০) নামে আরেক নারী শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী। এ ঘটনায় মা-মেয়েসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এজে