জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
হারানো জিডিমূলে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এদিকে, হারানো মোবাইল পেয়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন প্রকৃত মালিকরা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়। এর আগে, হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকানা যাচাই করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে কিছু ফোন বিভিন্ন হাত ঘুরে অপেক্ষাকৃত কম মূল্যে অন্য ব্যক্তির কাছে বিক্রি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোবাইল ফোনগুলো যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করেছে পুলিশ।
পাশাপাশি এসব ব্যক্তির বিরুদ্ধে পূর্বে চোরাই মালামাল সংরক্ষণ বা এ ধরনের অপরাধে সম্পৃক্ততার কোনো তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। একই সঙ্গে মোবাইল ফোনগুলো কীভাবে এবং কার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছেছে, সেই উৎস ও যোগসূত্র উদ্ঘাটনেও পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন। এ সময় তারা রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান।
এ বিষয়ে আরপিএমপি পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, একটি মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম নয়; এর মধ্যে মানুষের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক তথ্য, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর, ছবি এবং বিভিন্ন মূল্যবান নথিপত্র সংরক্ষিত থাকে। অনেক সময় হারানো মোবাইল ফোনের এসব তথ্যের অপব্যবহার করে প্রতারণা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং ব্যক্তির সম্মানহানির মতো অপরাধ সংঘটিত হতে পারে। তাই হারানো মোবাইল ফোন উদ্ধারের বিষয়টিকে আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

তিনি আরও বলেন, মহানগরীর বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোনসংক্রান্ত যেসব সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, সেগুলো সংগ্রহ ও পর্যালোচনা করে পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হারানো বা চুরি হওয়া অনেক মোবাইল ফোনের ঘটনা পুলিশকে অবহিত করা হয় না। এ ক্ষেত্রে তিনি নাগরিকদের প্রত্যেকটি হারানো বা চুরির ঘটনা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তী; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) রিদওয়ান-উল-ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. ফরহাদ হায়দারসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রতিনিধি/এসআই